নিজস্ব প্রতিবেদক: পণ্যভিত্তিক জীবিকায়ন পল্লী গঠনের লক্ষে শনিবার রাজশাহীতে দিনব্যাপি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহীতে পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় এর রাজশাহী জেলার জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুধীবৃন্দ, পজীপ-৩য় পর্যায় এর কর্মকর্তা-কর্মচারী এবং সুফলভোগীদের সমন্বয়ে দিনব্যাপী এই অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব মোসাম্মৎ হামিদা বেগম।
পল্লী জীবিকায়ন প্রকল্প ৩য় পর্যায়ে বিআরডিবি, ঢাকার আয়োজনে এবং বিআরডিবি, ঢাকার মহাপরিচালক (গ্রেড-১) আঃ গাফ্ফার খান এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক জয়া মারিয়া পেরেরা (শিক্ষা ও আইসিটি) ও পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় এর প্রকল্প পরিচালক আলাউদ্দিন সরকার।
কর্মশালায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় এর আওতায় ১২৮টি পণ্যভিত্তিক
জীবিকায়ন পল্লী গঠন করা হবে। জীবিকায়ন পল্লীর মাধ্যমে গ্রামীণ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিসমূহ কাজে লাগাতে হবে। পণ্যভিত্তিক জীবিকায়ন পল্লী গঠন ও প্রসার ধারনাটি সঠিকভাবে বাস্তবায়িত হলে
বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধাদারিদ্র্যমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে পারবেন বলে তিনি বিশ^াস করেন।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, এই অবহিতকরণ কর্মশালার মাধ্যমের রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় অত্র প্রকল্পের মাধ্যমে পণ্যভিত্তিক জীবিকায়ন পল্লী গঠন করে গঠিত পল্লীর সুফলভোগী নারী-পুরুষ নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করবে। এদিকে প্রকল্প পরিচালক আলাউদ্দিন সরকার বলেন, প্রকল্পের অন্যতম কার্যক্রম হচ্ছে- পণ্যভিত্তিক জীবিকায়ন পল্লী গঠন ও প্রসারে পল্লী উৎপাদন বৃদ্ধি, পল্লী পণ্যের প্রসার, পণ্যভিত্তিক জীবিকায়ন পল্লী প্রতিষ্ঠা, পল্লীতে কর্মসংস্থান সৃষ্টি, পল্লী উদ্যোক্তা উন্নয়ন ও সৃষ্টি, দক্ষ জনসম্পদ সৃষ্টি ও উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি করা।