নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন। এ সময়ে তাঁর আশুরোগ মুক্তি কামনায় দেশ এবং বিদেশে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিল নিয়ে ব্যস্ত সময় পার করছে। ঠিক সেই সময়ে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন সংবর্ধনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তিনি গোদাগাড়ী উপজেলা বিএনপি’র একজন সদস্য থেকে হঠাৎ করে বেগম জিয়ার উপদেষ্ঠা মন্ডলীর সদস্য হয়েছেন। এ নিয়েও চলছে পুরো উপজেলা ও জেলা পর্যায়ে গুঞ্জন।
এই সকল গুঞ্জনের মধ্যেই তিনি বিতর্কিত কাজ করায় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁর এহেন কর্মের জন্য পুরো জেলাব্যাপি সমালোচনার ঝড় বইছে। সেইসাথে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ শরীফ উদ্দিন এর এই ধরনের কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারই প্রতিফলন ঘটেছে রাজশাহীর তানোর উপজেলায়।
তানোর উপজেলা ও পৌর কৃষক দল এবং বিএনপি’র একটি অংশের আয়োজনে সোমবার পৌর এলাকার গোকুল গ্রামে মেজর শরীফকে সংবর্ধনা দেয়ার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই মুহুর্তে এই বিষয়টি সেখানকার বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা মানতে পারেনি। মেজর শরীফ সংবর্ধনা স্থানে পৌঁছামাত্র সেখানকার নেতাকর্মীরা বাধা প্রদান করেন। সেইসাথে তাঁকে বিভিন্ন ভাবে অপমান করেন এবং ষ্টেজ ও সামনের চেয়ার ভাঙ্গচুর করে।
এদিকে বিভিন্ন সূত্র থেকে জানা যায় শরীফ উদ্দিনকে ঠেকাতে দুপুর থেকেই বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের একটি পক্ষের নেতাকর্মীরা পৌর এলাকার বিভিন্ন স্থানে অবস্থান নেন। বিকেল সাড়ে ৫টার দিকে তারা তালন্দ বাজারে শরীফ উদ্দিনের অনুসারীদের ধাওয়া করে বলে জানা যায়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে উভয় পক্ষকে শান্ত করেন এবং সংবর্ধনা প্রদান অনুষ্ঠান বন্ধ করে দেন। শেষে মেজর শরীফ উদ্দিন তাঁর দলবল নিয়ে সংবর্ধনাস্থল ত্যাগ করতে বাধ্য হন বলে জানা যায়।
এ বিষয়ে জানতে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিনের অনুসারী তানোর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রশিদ বলেন, পরিকল্পিতভাবে সবর্ধণা অনুষ্ঠান পণ্ড করা হয়েছে। এ বিষয়ে তিনি কেন্দ্রীয় নেতাদের নিকট অভিযোগ করবেন বলে জানান।
এদিকে তানোর পৌর বিএনপি’র আহ্বায়ক একরাম মোল্লা বলেন, বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়া মারাত্বক অসুস্থ। এ সময় সারাদেশব্যাপি চেয়ারপার্সন এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। অথচ শরীফ উদ্দিন দোয়া মাহফিল করা বাদ দিয়ে তাঁর সংবর্ধনা সভার আয়োজন করে আনন্দ করছেন। বিষয়টি দলীয় নেতাকর্মীরা মানতে না পেরে সংবর্ধনা সভা পণ্ড করে দিয়েছেন বলে জানান তিনি।