নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মালামাল বহনকারী কাভার্ড ভ্যান হতে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ পাঁচ জন চোরকে গ্রেফতারের পর, গ্রেফতারকৃত তিন নম্বর সন্দেহভাজন আসামী মোজাম্মেল হক (৩২)-এর তথ্যের ভিত্তিতে পরবর্তীতে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল ৫.৫০টায় অভিযান পরিচালনা করে চুরি হওয়া তিন লক্ষ টাকা উদ্ধার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বিসিবি পরিচালিত ডিভিশন ক্রিকেট টিমের কাভার্ড ভ্যানে চুরির ঘটনায় গ্রেফতারকৃত গ্রেফতারকৃত তিন নম্বও আসামী মোজাম্মেল হক (৩২)-কে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ হেফাজতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, চুরি যাওয়া লাগেজ থেকে নেওয়া তিন লক্ষ টাকা তার বর্তমান ভাড়া বাসা নং-৯৫, ওয়ার্ড নং-২৮, কাজলা মৃধাপাড়া, মতিহার, মহানগর রাজশাহীর শয়নকক্ষে রাখা ড্রেসিং টেবিলের ড্রয়ারে সংরক্ষিত আছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার মামুন অর রশিদ এর দিক নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান-এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মেহেদী হাসানসহ ডিবি পুলিশের একটি চৌকস দল গত বৃহস্পতিবার ৫.৫০টায় অভিযান পরিচালনা করে। অভিযান করে মোজাম্মেল হক-এর ভাড়া বাসার শোবার ঘর থেকে সাক্ষীদের সামনে বিধি মোতাবেক তল্লাশি করে ড্রেসিং টেবিলের ড্রয়ার হতে উদ্ধারপূর্বক বিধি মোতাবেক জব্দ করেন তারা।
উল্লেখ্য যে, বৃহস্পতিবার রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন তারাপুর গ্রামে অভিযান পরিচালনা করে চুরির সাথে জড়িত ৫ জন অভিযুক্তকে গ্রেফতারসহ ১টি আই-ফোন ১৫ প্রোম্যাক্স ৩০০ ইউএস ডলার, নগদ আট হাজার টাকা, ১টি ম্যাসেজ বেড, ১টি লাগেজ, ৪টি প্লাস্টিকের বক্স, চুরির সরঞ্জাম ও চুরি কাজে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। চুরির ঘটনায় গ্রেফতারকৃত আসামী রুবেল আহমেদ (৩৮), বিজ্ঞ আদালতে ফৌজাদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
এই চুরির ঘটনায় পুঠিয়া থানায় মামলা করা হয়েছে। চুরি হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধার ও চোর-চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে জন্য ডিবি পুলিশের অভিযান ও আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।