নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের ৪২তম সভা সোমবার অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও একাডেমির নির্বাহী পরিষদের সভাপতি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। আলোচনা সভার শুরুতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির উপপরিচালক কল্যাণ চৌধুরী বিগত সভার কার্যবিবরনী পাঠ করেন। সবার সম্মতিক্রম তা অনুমোদিত হয়। সেইসাথে বিগত মাসের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি। এছাড়াও আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারী মাস পর্যন্ত বাস্তবায়নাধীন কর্মকাণ্ড উল্লেখ ও ব্যয় অনুমোদন করা হয়। সকল কার্যক্রম পরিকল্পনা মাফিক করার জন্য নির্দেশনা দেন তিনি।
সভাপতি উপস্থিত সবার কথা মনোযোগসহকারে শোনেন। এরপর তিনি বিভাগের প্রতিটি জেলায় একসাথে গবেষণা কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন। সেইসাথে সুন্দর করে একটি বাজেট তৈরী করার জন্য উপপরিচালকসহ নির্বাহী কমিটিকে নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন, প্রতিটি প্রোগ্রামের গান নিজ ও বাংলাভাষায় এবং নাচ সংরক্ষণ করার কথা বলেন। সেইসাথে গানের রচয়িতা, শিল্পির নাম এবং কোন সম্প্রদায়ের গান তা উল্লেখ করার কথা বলেন তিনি। সেইসাথে গুরুত্বপূর্ন প্রোগ্রামে সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও উপসচিবসহ কর্মকর্তাদের অতিথি করার পরামর্শ দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের সদস্য সুবোধ চন্দ্র মাহাতো, সুসেন কুমার শ্যামদুয়ার, সুনিল কুমার মাঝি, শেলী প্রিসিল্লা বিশ্বাস, আকবারুল হাসান মিল্লাত ও মনোয়ারা পারভীন, গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু এবং সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন।