নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে কিডনী ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্বোধন করা হয়। মঙ্গলবার সকালে নগরীর কলাবাগান এলাকায় প্রধান অতিথি হিসেবে এই হাসপাতালের উদ্বোধন করেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাওয়াদুল হক। এতে করে রাজশাহী অঞ্চলের কিডনী রোগীদের চিকিৎসার জন্য এখন থেকে আর ভারতে যেতে হবে না।
দেশের প্রখ্যাত কিডনী চিকিৎসক ও কিডনী ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার হারুন-অর-রশিদের সভাপতিত্বে হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার খন্দকার মোহাম্মদ ফয়সল আলম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক টিনি এফ রশীদ, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.জাফরুল হোসেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাহবুবা খাতুন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. নুরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কিডনী ফাউন্ডেশন বাংলাদেশ রাজশাহীর সভাপতি অধ্যাপক ডা. একেএম মনোয়ারুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন কিডনী রোগের চিকিৎসা ব্যয় বহুল। এ রোগের চিকিৎসা করাতে গিয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে যায়। তাদের কথা বিবেচনা করে রাজশাহীতে কিডনী ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট চালু করা হয়েছে। এখানে অনেক কম খরচে রোগীরা সব ধরনের কিডনী সমস্যার ভালো মানসম্মত চিকিৎসা পাবে। সেইসাথে কিডনী প্রতিস্থাপনও করা হবে জানান কর্তৃপক্ষ।