নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ট্রেনের নিচে কাটা পড়ে আর্জিনা বেগম (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ৭টার দিকে রাজশাহী পবা উপজেলার হরিয়ান বাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আর্জিনা বেগম চারঘাটের কাকাইকাটি এলাকার আবদুস সাত্তারের স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানান গেছে।
পশ্চিম রেলওয়ে রাজশাহীর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, সকাল ৬ টা ৫০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে মধুমতি এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে পবা উপজেলার হরিয়ান বাজার রেলক্রসিং এলাকায় ট্রেনের নিচে কাটা পরেন ঐ নারী।
জিআরপি থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তিনি যেহেতু মানসিক ভারসাম্যহীন। তাই কোন আপত্তি না থাকায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।