নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর আয়োজনে, বি-স্ক্যান এবং NOSHTRI এর সার্বিক সহযোগীতায় ও ব্র্যাক ব্যাংক পিএলসি’র অর্থায়নে সোমবার জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (NOSHTRI), রাজশাহীতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আঞ্চলিক চাকরি-মেলার আয়োজন করা হয়।
মেলায় বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার প্রায় দুইশ এর অধিক প্রতিবন্ধী চাকরি প্রত্যাশীরা অংশগ্রহণ করেন। বিভিন্ন খাতের স্থানীয় ও জাতীয় পর্যায়ের ১৭ টি নিয়োগদাতা প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়ে তাদের শূন্য পদের বিপরীতে প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার গ্রহণ ও প্রাথমিকভাবে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করে।
দিনব্যাপী কার্যক্রমে সফট-স্কিল ওরিয়েন্টেশন, সরাসরি চাকরির সাক্ষাৎকার, প্রার্থী-নিয়োগদাতা ম্যাচিং এবং নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হয়। মেলার আগে প্রার্থীদের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানের পদের সঙ্গে ম্যাচিং করা হয়। মেলার পর বিবিডিএন-এর সহযোগিতায় বাছাইকৃত প্রার্থীদের ফলোআপ এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। মেলায় ২৭ জনের কর্ম সংস্থান এর ব্যবস্থা করা হয়।
চাকরি মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, (যুগ্মসচিব), মোহাম্মদ ইরতিজা আহসান, উপসচিব, প্রশাসন অধিশাখা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পরিচালক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সেবা শাখার উপসচিব কামাল হোসেন, NOSHTRI এর যুগ্ম মহাপরিদর্শক বুলবুল আহমেদ, রাজশাহী বিভাগীয় সমাজসেবা অফিস এর উপপরিচালক হাসিনা মমতাজ, ব্র্যাক ব্যাংক পিএলসি এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চীফ হিউম্যান রিসোর্সেস অফিসার মনজুলা মোরশেদ এবং ব্র্যাক ব্যাংক পিএলসি ইন্টারনাল কমিউনিকেশন এবং সিএসআর এর ভাইস প্রেসিডেন্ট ও হেড শফিক আর ভূইয়া ।
আয়োজকেরা জানান, রাজশাহীতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি, নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্র সম্প্রসারণের ক্ষেত্রে এই চাকরি-মেলা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।