নিজস্ব প্রতিবেদক: রাজশাহী অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২এ হাজিরা দিলেন রাজশাহী বিএনপি’র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। তাঁরা বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে কোর্টে আসেন। নেতৃবৃন্দরা হলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।
হাজিরা শেষে মিজানুর রহমান মিনু বলেন, এই সরকার সর্বদা বিএনপিকে দমিয়ে রাখার জন্য মামলা, হামলা ও নির্যাতন করছে। বিনা কারনে মামলা দিয়ে আটক করছে। শুধু তাইনয় ষড়যন্ত্র করে রায় দিয়ে কারাগারে পাঠাচ্ছে। এত কিছু করেও বিএনপিকে ভাঙ্গা সম্ভব হয়নি। কোনদিনও পারবেনা বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে এই ডামি সরকারের পতনের আন্দোলনে সবাইকে মাঠে থাকার আহ্বান জানান তিনি।
এই মামলার আইনজীবী আলী আশরাফ মাসুম বলেন, ২০২১ সালে রাজশাহী মহানগরীর নাইস কনভেশন সেন্টার মাঠে আয়োজিত বিএনপি’র জনসভায় দেয়া একটি বক্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগের এক নেতা ও আইনজীবী ঐ চার নেতার বিরুদ্ধে এই মামলা করেন। আগামী হাজিরা কবে হবে তা আগামী সপ্তাহে জানা যাবে বলে জানান আইনজীবী মাসুম।