বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাজশাহী পাটকল চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

  • প্রকাশ সময় রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২৭২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আবারও রাজশাহী পাটকল চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শ্রমিকেরা। রোববার সকাল ১০টায় পাটকলের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কাটাখালী বাজারে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী জুট মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়ন এই কর্মসূচির আয়োজন করে। এতে কয়েকশো শ্রমিক অংশ নেন।

রাজশাহীর পবা উপজেলার কাটাখালী এলাকায় ১৯৫৫ সালে এই পাটকল প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এখানে উৎপাদন চলত। ২০২০ সালে দেশের ২৫টি পাটকলকেই ইজারা দিয়ে বেসরকারী ব্যবস্থাপনায় চালানোর সিদ্ধান্ত নেয় সরকার। কথা ছিল, আধুনিকায়নের পর তিন মাসের মধ্যেই পাটকলে আবার উৎপাদন শুরু হবে। কিন্তু চার বছর পার হলেও রাষ্ট্রীয় মালিকানার রাজশাহী পাটকল ইজারা দেওয়া হয়নি। পাটকলটি আর চালুও হয়নি। এতে পাটকলের প্রায় ১ হাজার ৭০০ জন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। নিদারুণ আর্থিক কষ্টে আছেন তারা।

বিক্ষোভ সমাবেশে শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ ফরমান আলী বলেন, ২০২০ সালে সরকার তাদের সঙ্গে যে চুক্তি করেছিল, তা বাস্তবায়ন করতে পারেনি। তৎকালীন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী দেশের ২৫টি পাটকলের শ্রমিকদের পথে বসিয়ে মিল বন্ধ করে দিয়েছেন। বর্তমান বস্ত্র ও পাটমন্ত্রী শ্রমিকবান্ধব। তাদের প্রত্যাশা, তিনি এই পাটকল আবার চালু করবেন। খেটে-খাওয়া শ্রমিকদের দু’বেলা খাওয়ার ব্যবস্থা করবেন।

শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম হোসেন বলেন, ‘২০২০ সালে যখন পাটকল বন্ধ করা হয়, তখন বলা হয়েছিল ইজারা দিয়ে পাটকলগুলো আবার চালু করা হবে। তারপর কয়েকটা পাটকল ইজারা দেওয়া হয়েছে, কিন্তু সেগুলো চলছে না। তাই রাষ্ট্রীয়ভাবেই এই পাটকল চালু করতে হবে। এই পাটকলের কর্মকর্তা-কর্মচারীরা বসে বসে বেতন নিচ্ছেন। কিন্তু কর্ম হারিয়ে অনাহারে থাকছেন শ্রমিকেরা। কর্মহীন অনেক শ্রমিক বিনাচিকিৎসায় মারা গেছেন। এ অবস্থা চলতে পারে না। আমরা গায়ে খেটে পারিশ্রমিক নিতে চাই।

তিনি আরো বলেন, রাজশাহীতে তেমন ভারি শিল্প নেই। যে দু’একটি আছে সেগুলোও বন্ধ করে দিয়েছে। তার বয়স হয়েছে। আর হয়ত কাজ করতে পারবেন না। কিন্তু নতুনরা কাজের সুযোগ পাক। তারা এটাই চান। নতুন মন্ত্রী যদি পাটকল চালু করে দেন, শ্রমিকেরা দুইহাত তুলে দোয়া করবে বলে উল্লেখ করেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি জিল্লুর রহমান। তিনি বলেন, পাটকলের মৃত শ্রমিক ও বদলির শ্রমিকদের অনেকের পাওনা পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এক হাজার ৭০০ শ্রমিক বেকার থাকলেও ৫৭ জন কর্মকর্তা ও ১৫০ জন কর্মচারী বসে বসে বেতন নিচ্ছেন। তাদের কোন কাজ নেই। মাসে একদিন এসে হাজিরা খাতায় সই করে বেতন নিয়ে চলে যান। তারা বসে বসে বেতন নিলেও যদি লোকসান না হয়, তাহলে শ্রমিকেরা উৎপাদন করে মজুরি নিলেও লোকসান হবে না। সরকারকে বিষয়টি বুঝতে হবে।

পাটকল চালু করতে রাজশাহীর জনপ্রতিনিধিদের উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে জিল্লুর রহমান বলেন, তারা বাড়ি-গাড়ি চান না। তারা কাজের পরিবেশ চান। কাজ করে পয়সা নিতে চান। অচিরেই যদি পাটকল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু করা না হয়, তাহলে তারা দেশের ২৫টি পাটকলের শ্রমিকদের সঙ্গেই বসবেন। সবাই মিলে তারা বৃহত্তর কর্মসূচিতে যাবেন। প্রয়োজনে আমরণ অনশন করবেন। তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এভাবে ধংস হতে দেবেন না বলে জানান।

শ্রমিক কর্মচারী ইউনিয়নের কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান সমাবেশ পরিচালনা করেন। এতে আরও অনেকে বক্তব্য দেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে শ্রমিকেরা বাংলাদেশ পাটকল কর্পোরেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে নানা শ্লোগান দেন। চার বছর ধরে পাটকল বন্ধ পড়ে থাকার বিষয়ে জানতে চাইলে পাটকলের প্রকল্প প্রধান শরিফুল কবীর বলেন, রাস্তায় শ্রমিকেরা বিক্ষোভ করেছেন এটা শুনেছেন। পাটকল লিজ হয়ে যাবে। এটা নিয়ে কাজ চলছে। বেসরকারী উদ্যোগেই চলবে বলে জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin