নিজস্ব প্রতিবেদক: রাসিক ২নং ওয়ার্ডে রাস্তার বেহলা দশা। এই ওয়ার্ডে উন্নয়নের ছোয়া লাগলেও কিছু কিছু এলাকা রয়েছে অবহেলিত। ঐ সকল এলাকায় জনগণের যাতায়াতের জন্য রাস্তা সংস্করনের এখনো কোন উদ্যোগ না নেয়ায় বিড়ম্বনাতে পড়েছে জনগণ। অত্র ওয়ার্ডের সাঁওতাল পাড়ার রাস্তাটি বর্ষা কি খরা মৌসুম, সব সময় জলাবদ্ধতা লেগেই থাকে। এছাড়াও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে থাকে বলে জানান অত্র এলাকার বাসিন্দরা।
এলাকাবাসীরা বলেন, তাদের একমাত্র যোগাযোগ ব্যবস্থা এই রাস্তা, অথচ এই রাস্তা দিয়ে চলাচল করে গরু-ছাগল। আর বসবাসকারীদের মূলমুত্রের পানিও এই রাস্তায় জমে থাকে। এতে পথচারী ও মসজিদে যাতায়াতকারী মুসল্লিরা প্রতিনিয়তই এই মলমূত্রযুক্ত পানির মধ্যে দিয়েই যাতায়াত করেন বলে উল্লেখ করেন তারা। নগরীর মোল্লাপাড়া বোর্ডঘর এলাকায় সরজমিনে গিয়ে দেখা যায় আবুল হোসেনের বাড়ি থেকে শুরু করে প্রায় তিন’শ ফিট রাস্তার বেহালদশা। শুধু তাই নয় এ রাস্তাটিকে এলাকাবাসীরা নিজ উদ্যোগে বার বার সংস্করণ করলেও কোন লাভ হচ্ছেনা। পানি জমে ও গরু-ছাগল যাতায়াতের কারনে দ্রুত নষ্ট হচ্ছে।
জনগণের দূর্ভোগ কমাতে অত্র রাস্তাটি দ্রুত সংস্কার করার জন্য ওয়ার্ড কাউন্সিলরকে অনুরোধ করেন তারা। এ বিষয়ে জানতে চাইলে ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম এর নিকট মোবাইল করলে তিনি কল রিসিভ না করায় তাঁর কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।