সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী

  • প্রকাশ সময় সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২০২৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যেই বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। রোববার দুপুর সাড়ে ১২টায় পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া কাঞ্চন পার্ক সংলগ্ন পদ্মাপাড়ে পদ্মা ব্যারেজ প্রকল্প এলাকা পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে কারিগরি বিষয়ে আয়োজিত এক আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এ কথা জানান।

পানিসম্পদ মন্ত্রী বলেন, সরকার গঠনের আড়াই মাসের মাথায় এমন একটি সাহসী উদ্যোগ নিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এটি একটি ‘মাস্টারমাইন্ড’ প্রকল্প এবং আমাদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। প্রকল্পের ব্যয়ের বিষয়ে তিনি জানান, প্রথম পর্যায়ে এই প্রকল্পের জন্য ৩৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। তবে দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ পুরো প্রকল্প শেষ করতে সর্বমোট ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। নির্ধারিত এই বাজেটের মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, “প্রকল্প পরিচালকের ব্যাখ্যা অনুযায়ী, দেশের এক-তৃতীয়াংশ জনগোষ্ঠী অর্থাৎ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৭ কোটি মানুষ এই প্রকল্পের সম্পূর্ণ সুবিধা পাবে। এর ফলে ওই অঞ্চলের সুবিধাবঞ্চিত ও ক্ষতিগ্রস্ত মানুষের ব্যাপক আর্থসামাজিক উন্নয়ন ঘটবে।”

কারিগরি আলোচনায় অংশ নিয়ে প্রকল্প পরিচালক হাসান মাহমুদ বলেন, নদীর গভীরতা পরিবর্তনের কারণে ২০১৬ সালে করা পদ্মা ব্যারেজের নকশায় অবস্থানগত কিছুটা পরিবর্তন এসেছে। আগামী দেড় বছরের মধ্যে এর সব ধরনের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ সম্পন্ন করা হবে।

তিনি জানান, এই ব্যারেজের মাধ্যমে উজানে ১৬৫ কিলোমিটার নদীর অংশে পানি সংরক্ষণ (রিজার্ভ) করা হবে। পানি সংরক্ষণের ফলে পানির চাপ ও উচ্চতা বাড়বে। এ কারণে পাবনাসহ সংশ্লিষ্ট এলাকার শহররক্ষা বাঁধের উচ্চতা ও সক্ষমতা বাড়ানোর বিষয়টিও এই প্রকল্পে বিবেচনায় রাখা হয়েছে। এছাড়া বর্ষা মৌসুমে ব্যারাজের ৭৮টি গেটই খোলা থাকবে, ফলে বন্যার তেমন কোনো আশঙ্কা নেই।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পবা-মোহনপুরের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট আরেফা সুলতানা রুমা, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশু কুমার সরকার এবং বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিদর্শন ও কারিগরি আলোচনা শেষে মন্ত্রী সুজানগর হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত একটি পথসভায় অংশ নেন।

এছাড়াও এদিন বিকেলে পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে পাবনা জেলা বিএনপি আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, এডভোকেট আরেফা সুলতানা রুমাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমাজসেবক, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin