মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবি প্রশাসনিক ভবন ঘেরাও রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকুপ সৌর বিদ্যুৎতে রূপান্তরে কমিটির প্রথম সভা পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়া তোলার আহ্বান বিভাগীয় কমিশনারের এডিবি প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা পরিবারের নিকট ফিরল নিখোঁজ শিশু জুনায়েদ নওহাটা মহিলা ডিগ্রী কলেজ দ্রুত সময়ে জাতীয়করণ হবে: এমপি মিলন কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে- এমপি মিলন ৫ অক্টোবর থেকে রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল ও রাজশাহী হার্ট ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

দিল্লির ভয় দেখিয়ে লাভ নেই, মওদুদী ব্রিটিশ ও ভারতের দালাল: ভূমিমন্ত্রী মিনু

  • প্রকাশ সময় শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দিল্লির শাসন বা ভয় দেখিয়ে কোনো লাভ নেই বলে মন্তব্য করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ‘যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলার মাটিতে তাদের কোনো স্থান হবে না। শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিগত তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বশীলদের সমালোচনা করে ভূমিমন্ত্রী বলেন, তারা ফ্যাসিস্ট সরকারের কাছে আত্মসমর্পণ করে গোপনে তাদের সুপ্রতিষ্ঠিত করেছে এবং দেশের ভেতর থেকে ক্ষতি করেছে। ১৯৯৬ সালের ষড়যন্ত্রের মতো তারা আগামী ডিসেম্বরেও একই ধরনের চক্রান্তের পরিকল্পনা করছে বলে তিনি অভিযোগ করেন।

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘বাংলাদেশ আল্লাহর জমিন; দিল্লির ইশারায় যারা কাজ করছে তারা শয়তানের দোসর।’ যাদের হেডকোয়ার্টার দিল্লি, তাদের দিল্লিতেই চলে যাওয়ার পরামর্শ দেন তিনি। এছাড়া মওদুদীকে ব্রিটিশদের তৈরি এবং ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করে মন্ত্রী বলেন, মুসলমানদের বিভক্ত করার জন্যই তাকে তৈরি করা হয়েছিল এবং বাংলার মাটিতে তার কোনো স্থান হবে না।

আগামী নির্বাচন প্রসঙ্গে মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীতে মেয়র নির্বাচনসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি দলীয় নেতাকর্মীদের হাইকমান্ডের নির্দেশ মেনে ঐক্যবদ্ধভাবে মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান। ১৯৯১ সালের নির্বাচনে ধানের শীষের ভোট চুরির অভিযোগ তুলে তিনি আশা প্রকাশ করেন যে, শহীদ জিয়া ও বেগম জিয়ার প্রতি মানুষের ভালোবাসার কারণে আগামীতে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন।

আলেম-ওলামাদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, যারা ধর্মকে ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে বসে আছে, তাদের সরিয়ে আগামীতে ঈদগাহ, বড় মসজিদ এবং ধর্মীয় অনুদানের দায়িত্ব আলেম-ওলামাদের হাতে তুলে দেওয়া হবে। জেলা পরিষদ, সিটি করপোরেশন এবং মন্ত্রী-এমপিরা চরম বিপদে সর্বদা জনগণের পাশে থাকবেন বলে তিনি আশ্বাস দেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি নিরাপদ, স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পবা-মোহনপুরের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, গত দীর্ঘ ১৭ বছর ধরে যারা নির্যাতন চালিয়েছে এবং দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছে, তাদের অপকর্মের কথা ভুলে গেলে চলবে না। দলের ভেতরে কোনো ধরনের কাদা ছোঁড়াছুঁড়ি বা বিতর্কিত কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার সতর্কবার্তা দেন তিনি।

যারা ধর্মকে বিপথগামী করার উদ্দেশ্যে ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করে, তাদের চক্রান্ত এবং অন্যান্য অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে সঠিক পথ দেখানোর তাগিদ দেন এমপি মিলন। তিনি শহীদ জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ওলামা দলকে তাদের পবিত্র দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের নির্দেশ দেন।

জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী জেলা শাখার সভাপতি মাওলানা তাজউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং বন শিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

ওলামা দল রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ওলামা দল রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক হাফেজ মোহাম্মদ আবেদ হাসান মুন্না, সদস্য সচিব হাফেজ ফরহাদুল ইসলাম পরাগ, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনিসহ ওলামা দল রাজশাহী জেলা ও মহানগরের বিভিন্ন থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin