মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবি প্রশাসনিক ভবন ঘেরাও রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু আন্তর্জাতিক জুনিয়র টেনিসের আসর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকুপ সৌর বিদ্যুৎতে রূপান্তরে কমিটির প্রথম সভা পরিকল্পিত নগরায়ণ ও গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে রাজশাহীকে পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়া তোলার আহ্বান বিভাগীয় কমিশনারের এডিবি প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা পরিবারের নিকট ফিরল নিখোঁজ শিশু জুনায়েদ নওহাটা মহিলা ডিগ্রী কলেজ দ্রুত সময়ে জাতীয়করণ হবে: এমপি মিলন কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে- এমপি মিলন ৫ অক্টোবর থেকে রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল ও রাজশাহী হার্ট ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

৫ অক্টোবর থেকে রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু

  • প্রকাশ সময় শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে শুরু হচ্ছে ৩১তম আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৬। আগামী ৫ থেকে ১০ অক্টোবর রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এই টুর্নামেন্ট। এতে স্বাগতিক বাংলাদেশসহ দশটি দেশের শতাধিক খেলোয়াড় অংশ নেওয়ার কথা রয়েছে। শনিবার বেলা ১১টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে টুর্নামেন্টের বিভিন্ন তথ্য তুলে ধরেন আয়োজকেরা। লিখিত বক্তব্য পাঠ করেন টুর্নামেন্ট ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু। প্রেস ব্রিফিংয়ে স্বাগত বক্তব্য রাখেন- মিডিয়া কমিটির আহ্বায়ক ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

এ সময়ে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, মিডিয়া কমিটির কমিটির সদস্য ও রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য শ.ম. সাজু, পরিচালনা কমিটির সদস্য আক্কাস আলী, রাজশাহী টেনিস কমপ্লেক্সের সিনিয়র সদস্য মনোয়ার হোসেন বিদ্যুৎ।

টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতির বিষয়ে ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু জানান, আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহযোগিতায় এবারের প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। ব্যবস্থাপনায় রয়েছে রাজশাহী টেনিস কমপ্লেক্স। তিনি আরও বলেন, বিদেশি খেলোয়াড়, কোচ, অভিভাবক ও কর্মকর্তাদের থাকার জন্য রাজশাহী পর্যটন মোটেল, হোটেল এক্স ও গ্র্যান্ড রিভার ভিউ নির্ধারণ করা হয়েছে। এসব হোটেল ও মোটেল থেকে টেনিস কমপ্লেক্সে যাতায়াতের জন্য সার্বক্ষণিক দুটি মাইক্রোবাসের ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, আগামী ৫ অক্টোবর সকাল ৯টায় টুর্নামেন্টের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু উপস্থিত থাকার কথা রয়েছে। দর্শকদের জন্য টুর্নামেন্টের খেলা দেখার কোনো প্রবেশমূল্য রাখা হয়নি। শিশু ও কিশোরদের টেনিসের প্রতি আগ্রহ বাড়াতে রাজশাহী মহানগরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের খেলা দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে কোয়ালিফাইং রাউন্ডের খেলা। ৫ অক্টোবর সকাল ৯টা থেকে শুরু হবে মূল পর্বের খেলা। ১০ অক্টোবর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। ফাইনালের পর বিজয়ী ও রানার্সআপ খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ ছাড়াও ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের খেলোয়াড়েরা এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন। বালকদের মধ্যে র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন থাইল্যান্ডের লিকুল পাটচারাফুল। তাঁর আইটিএফ বিশ্ব জুনিয়র র‌্যাংকিং ১ হাজার ৫৯। অন্যদিকে বালিকাদের মধ্যে শীর্ষ র‌্যাংকিংয়ের খেলোয়াড় ভারতের শেখ শাজফা। তাঁর আইটিএফ বিশ্ব জুনিয়র র‌্যাংকিং দুই হাজার ৪৫।

টুর্নামেন্টে বালক ও বালিকা এককে ৩২ জন করে খেলোয়াড়ের ড্র থাকবে। এর মধ্যে আটজন করে খেলোয়াড় কোয়ালিফাইং রাউন্ড এবং চারজন করে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে মূল পর্বে জায়গা পাবেন। রাজশাহীর মোট ৫ জন এই টুর্নামেন্টে খেলবেন। এর মধ্যে মেইন ড্রোতে খেলবেন রাকিন রহমান ও বকুল আলী। এ ছাড়া বালক ও বালিকা দ্বৈত ইভেন্টে ১৬টি করে ড্র থাকবে। আয়োজকেরা আরও বলেন, আন্তর্জাতিক এই প্রতিযোগিতার মাধ্যমে রাজশাহীতে টেনিসের প্রসার ঘটানোর পাশাপাশি দেশি-বিদেশি খেলোয়াড়দের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। টুর্নামেন্ট সফল করতে পরিচালনা কমিটির সদস্যরা কাজ করছেন।

টুর্নামেন্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারি ভারতের জয় মুখার্জী। তিনি বলেন, “রাজশাহীতে এই আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্টের অংশ হতে পেরে আমি আনন্দিত। এটি আমার দশম টুর্নামেন্ট, তাই এই আয়োজন আমার জন্যও বিশেষ। টুর্নামেন্টটি আন্তর্জাতিক নিয়ম ও শৃঙ্খলা মেনে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করব। আশা করি, বাংলাদেশসহ বিভিন্ন দেশের তরুণ খেলোয়াড়দের জন্য এই প্রতিযোগিতা ভালো অভিজ্ঞতা ও নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ তৈরি করবে।”

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin