নিজস্ব প্রতিবেদক: জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখা। অক্টোবর মাসজুড়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে এসব কর্মসূচি বাস্তবায়নের কথা জানিয়েছে সংগঠনটি। বুধবার সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সাংবাদিক সম্মেলন, ট্রাফিক ক্যাম্পেইন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ কর্মশালা, সড়ক আইন ও নির্দেশনা বিষয়ে প্রচারণা, দুর্ঘটনা বিষয়ক ভিডিও প্রদর্শনী, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, মেডিকেল ক্যাম্প, রক্তদান কর্মসূচি, পরিবহন শ্রমিকদের সঙ্গে মতবিনিময় ও প্রশিক্ষণ, ভালো ও দক্ষ চালকদের সম্মাননা প্রদান এবং স্কুল শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
এছাড়া দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো, দোয়া মাহফিল, মুক্ত আলোচনা এবং দরিদ্র শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মসূচিও পালন করা হবে বলে জানানো হয়েছে। আগামী ৩১ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি শেষ হবে।
আরো জানানো হয় রাজশাহীর সড়ক ব্যবস্থাপনা উন্নয়নে কয়েকটি দাবিও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—অটোরিকশা চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স প্রদান, আধুনিক ও অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু, ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা, স্কুল-কলেজের সামনে জেব্রা ক্রসিং ও স্পিড ব্রেকার স্থাপন, অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহন নিয়ন্ত্রণ এবং বাইরের অটোরিকশার শহরে প্রবেশে নিয়ন্ত্রণ আরোপ।
একই সঙ্গে এলাকাভিত্তিক লাল, হলুদ ও সবুজ চিহ্নিত অটোরিকশা ব্যবস্থাপনা, ট্রাফিক পুলিশের সংখ্যা বৃদ্ধি ও প্রশিক্ষণ জোরদার, বাইকারদের জন্য হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা এবং বেপরোয়া যানবাহন চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়।
সংগঠনটির পক্ষ থেকে আরো লা হয়, শুধু আইন প্রয়োগের মাধ্যমে সড়ক নিরাপদ করা সম্ভব নয়। চালক, পথচারী, যাত্রী, পরিবহন মালিক, শিক্ষার্থী, অভিভাবক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।