স্পোর্টস ডেস্ক: রবি শাস্ত্রীকে সরিয়ে ভারতীয় দলের কোচ হচ্ছেন সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। বুধবার (৩ নভেম্বর) ভারত বনাম আফগানিস্তান ম্যাচ চলাকালীনই টুইট করে রাহুলের নাম ঘোষণা করে বিসিসিআই। এক বিবৃতিতে বিসিসিআই জানায়, ‘ বুধবার সুলক্ষণা নায়েক ও আর পি সিংহর উপদেষ্টা কমিটি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দ্রাবিড়কে ভারতীয় দলের কোচ হিসাবে নির্বাচিত করেছে। বিশ্বকাপের পরে নিউজিল্যান্ড সফর থেকে দলের দায়িত্ব নেবেন তিনি।’
গত ২৬ অক্টোবর ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করেন দ্রাবিড়। এদিকে হেড কোচের নাম ঘোষণা করলেও কোহলিদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচের নাম এখনো ঘোষণা করেনি বোর্ড।
এদিকে, বিশ্বকাপের পরেই রবি শাস্ত্রী, আর শ্রীধর, ভরত অরুণ, ও বিক্রম রাঠৌরের কার্যকাল শেষ হচ্ছে। কোচিং প্যানেলের সবাইকে বিসিসিআইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য।
বেশ কদিন যাবতই কোহলিদের কোচ কে হবেন, তা নিয়ে বেশ ছিল জল্পনা-কল্পনা। কখনও ভিভিএস লক্ষ্মণের নাম আবার কখনও শোনা যাচ্ছিলো অনিল কুম্বলের নাম। আইপিএল চলাকালীন খবর রটে গিয়েছিল রাহুল দ্রাবিড়ই ভারতীয় দলের কোচ হচ্ছেন। তাঁর বেতনও ফাঁস হয়ে গিয়েছিল।
কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী কয়েক দিন আগেই জানিয়েছিলেন, দ্রাবিড়ের সঙ্গে কথা হলেও তিনি এখনো কিছু জানাননি। যদিও অবশেষে সেই দ্রাবিড়ই এলেন কোহলিদের কোচের দায়িত্বে।